রেলমন্ত্রী হাসপাতালে

আপডেট : ১৭ জুলাই ২০১৫, ১২:২৮

 

রেল মন্ত্রী মো. মুজিবুল হক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালের ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টা ৫ মিনিটে তাকে কুমিল্লা মহানগরীর মুন  হাসপাতালের সিসিইউতে ভর্তি হয়।
 
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ওমর ফারুক জানান, দুপুরে মন্ত্রী ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছে পরবর্তীতে ফেনী রেলস্টেশন পরিদর্শনে যান। ফেনী থেকে কুমিল্লায় ফিরে ইফতারের পর নগরীর কান্দিরপাড় জামে মসজিদে তারাবির নামাজ পড়তে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাত্ক্ষণিকভাবে তাকে প্রথমে কুমিল্লার বাসা এবং পরে নগরীর মুন হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ডায়াবেটিস ও রক্ত শূন্যতায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
 
মন্ত্রীকে রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ ব্যাগ রক্ত দেয়া হয়। হাসপাতালে তার পাশে স্ত্রী হনুফা আক্তার রিক্তাসহ আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীরা ছিলেন। খবর পেয়ে  কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও দলীয় নেতা-কর্মীরা হাসপাতালে ছুটে যান। চিকিৎসার পর মন্ত্রী সুস্থ হয়ে উঠছেন বলে ডাক্তাররা জানিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য রাত দেড়টার দিকে এম্বুলেন্সে করে তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে আসা হয়।