নড়াইলে স্ত্রীকে গলা কেটে হত্যা

আপডেট : ১৭ জুলাই ২০১৫, ১৩:৩৫
নড়াইলে নিজের নামে জমি লিখে না দেয়ায় আজিরোন নেছা (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে পাষণ্ড স্বামী। শুক্রবার ভোর রাতে স্বামী বিল্লাল শেখ তাকে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর থেকেই স্বামী বিল্লাল শেখ পলাতক রয়েছেন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে সদর উপজেলা শড়াতলা গ্রামে। 
 
নিহত আজিরোন নেছার  ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। দুই ছেলে ঢাকায় গার্মেন্টসে চাকুরি করেন।
 
পুলিশ ও এলাকাবাসী জানায়, সদর উপজেলার শড়াতলা গ্রামের বিল্লাল শেখের স্ত্রী আজিরোন নেছার নামে বসতবাড়ির ১২শতক জমি ছিল। 
 
স্বামী বিল্লাল শেখ নিজের নামে জমি লিখে দেয়ার জন্য তার স্ত্রীকে চাপ দিচ্ছিলেন। স্ত্রী জমি লিখে না দেয়ায় এ নিয়ে কলহ শুরু হয়। এ ঘটনার জের ধরে বিল্লাল শেখ শুক্রবার ভোর রাতে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
 
নিহতের পুত্রবধূ তুহিনা বেগম জানান, তার শ্বশুর ও শাশুড়ি বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। মাঝে মাঝে ঝগড়া করার শব্দ শুনেছি। সকালে আমার শ্বশুর-শাশুড়ির কোন সাড়া না পেয়ে মেয়ে রাবেয়াকে তার দাদা-দাদিকে ডাকতে বলি। এসময় আমার মেয়ে ঘরের দরজা খুলে ঘরের মেঝেতে রক্ত দেখে চিৎকার দিয়ে ওঠে। তখন আমি যেয়ে শাশুড়ির জবাই করা লাশ দেখে চিৎকার দিলে গ্রামের লোকজন আসে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ নিয়ে যায়। 
 
তিনি বলেন, তার শ্বশুর-শাশুড়ি প্রায়ই জমি লিখে দেয়া নিয়ে ঝগড়া করতেন।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান আজিরোন নেছাকে গলা কেটে হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক স্বামী পলাতক রয়েছেন।