সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় শতাধিক গ্রামে আজ শুক্রবার ঈদ উদযাপিত হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামী শনিবার ঈদ উদযাপন করা হবে বাংলাদেশে। তবে দেশের বেশ কয়েকটি জেলায় গত কয়েক বছর থেকে কয়েক হাজার মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে দুই ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।
ফরিদপুর, বরগুনা, ভোলা, দিনাজপুরসহ বেশ কয়েকটি জেলায় ঈদ উদযাপনের খবর দিয়েছেন প্রতিনিধিরা।
চট্টগ্রাম অফিস জানায়, সাতকানিয়ার কয়েক হাজার মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে আজ শুক্রবার ঈদ উদযাপন করছে। তারা একদিন আগেই রোজা শুরু করেছিল। মীর্জা খীল দরবার শরীফে শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঈদের প্রধান জামাত হয়।
এছাড়াও কক্সবাজার জেলার টেকনাফ, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া, সীতাকুণ্ডসহ বেশ কয়েকটি এলাকায় শুক্রবার ঈদ উদযাপন করছেন।
ফরিদপুর প্রতিনিধি জানিয়েছেন, বোয়ালমারী উপজেলার কয়েকটি দশটি গ্রামের কয়েক হাজার মানুষ শুক্রবার সকালে ঈদের নামাজ আদায় করেছেন।
দিনাজপুর প্রতিনিধি জানিয়েছেন, জেলার সদর উপজেলাসহ চারটি উপজেলার বিভিন্ন স্থানে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। কাহারোল উপজেলার ১৭ টি গ্রামের মানুষ ঈদ উদযাপন করছেন। এছাড়াও বিরল ও চিরিরবন্দরে কয়েকটি গ্রামেও ঈদ উদযাপনের খবর পাওয়া গেছে।
