পটুয়াখালীর ২৫ গ্রামে ঈদ পালন

আপডেট : ১৭ জুলাই ২০১৫, ১৫:৪৯
পটুয়াখালী জেলার ২৫ গ্রামের দশ সহস্রাধিক মুসলমান আজ শুক্রবার একদিন আগেই পালন করছেন পবিত্র ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। হানাফি মাজহাব কাদেরিয়া তরিকার এসকল লোক সৌদী আরবের সাথে সঙ্গতি রেখে রোজা, ঈদ ও কোরবানি পালন করে থাকেন। এরা মাসব্যাপী রোজা পালন শেষে পবিত্র ঈদ উদযাপন করেছেন আজ। প্রতি বছরের ন্যায় জেলায় এদের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০টায় পটুয়াখালীর বদরপুর দরগাহ শরীফ প্রাঙ্গনে ঈদগাহ ময়দানে।
 
বদরপুর দরবার শরীফে প্রধান ঈদের জামাতের ইমামতি করেন দরবার শরীফের  খাজা বাকি বিল্লাহ মেসকাত চৌধুরী। 
 
তিনি জানান, ১৯২৮ সন থেকে এই দরবার শরীফে সৌদী আরবের সাথে মিল রেখে ঈদের জামাত অণুষ্ঠিত হয়ে আসছে।
 
বদরপুর দরবার শরীফের পরিচালক মোহাম্মদ নাজমুস সায়দাত আখন্দ জানান, বদরপুরসহ কলাপাড়া উপজেলার উত্তর লালুয়া, মাঝিবাড়ি, দেবপুর, পাটুয়া, নিশানবাড়িয়া, ইটবাড়িয়া, সাফাখালী, তেগাছিয়া, আরামগঞ্জ, পাঁচজুনিয়া, চালিতাবুনিয়া, পৌর শহরের নাইয়াপট্টি, বাদুরতলী, স্লুইসঘাট, গলাচিপা উপজেলার ডাকুয়া, ফুলখালী, ছোটবাইশদিয়া, রাঙ্গাবালী, কাটাখালী, বাউফল উপজেলার বগা, ধাউরাভাঙ্গা, মদনপুরা, সাবুপুরা ও আমিরাবাদ এলাকার দশ সহস্রাধিক লোক আজ ঈদ পালন করছেন। 
 
তিনি অরও জানান, এরা সকলে বদরপুর দরবার শরীফ, চট্টগ্রামের সাতকানিয়া ও এলাহাবাদ পীরের অনুসারী।