সিরাজগঞ্জে বাস খাদে, নিহত ৪

আপডেট : ১৭ জুলাই ২০১৫, ১৯:৩২
 
 
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে কামারখন্দের বানিয়াগাতি এলাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়ক থেকে বাসটি খাদে পড়ে যায়।
 
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি হেলালউদ্দিন জানান, বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে গাইবান্ধার উদ্দেশে যাচ্ছিল। বাসের চার যাত্রী মারা গেছেন। আহত ১০ থেকে ১২ জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 
সন্ধ্যায় ছয়টার দিকে রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।