ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত

আপডেট : ১৮ জুলাই ২০১৫, ১১:১৫

 

গত কয়েক বছরের মতো এবারো দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে। সেখানে এবছর প্রায় তিন লাখ মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
 
দীর্ঘ দিনের রেওয়াজ অনুযায়ী ঈদের জামাত শুরু হওয়ার ৫ মিনিট পূর্বে ৩টি, ৩ মিনিট পূর্বে ২টি ও ১ মিনিট পূর্বে ১টি শটগানের গুলি ছুড়ে ঈদের নামাজ শুরু হয়। মওলানা ফরিদ উদ্দিন মাসুদ ঈদ জামাতে ইমামতি করেন।
 
শোলাকিয়া ঈদগাহের জামাত শুধু দেশের নয় উপমহাদেশের ও বৃহত্তম ঈদ জামাত হিসেবে বিবেচিত। ঐতিহ্যবাহী এ মাঠটিতে সাধারণ মেহরাব ও একটি তোরণ ছাড়া তেমন কোনও স্থাপনা নেই। মুসল্লিরা মাটিতে নামাজ পড়েন। ফলে বৃষ্টি হলে মাঠে কাদা হয়ে যায়, মুসল্লিরাও বিপাকে পড়েন।
 
শোলাকিয়ায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ঈদের দিন দুই জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করে। শোলাকিয়া স্পেশাল ট্রেন-১ ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব রুটে এবং শোলাকিয়া স্পেশাল-২ ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করে।