রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

আপডেট : ১৮ জুলাই ২০১৫, ১১:১৬
এক মাস সিয়াম সাধনার পর আজ শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ঈদ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
প্রতিবারের মতো এবারও ঈদের সকালে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 
রাষ্ট্রপতি আবদুল হামিদ শনিবার সকাল ১০টায় বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ৯টা থেকে গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি এবং সর্বস্তরের নাগরিকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
 
সকাল ১১টায় কূটনীতিক এবং বিচারপতিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন সরকার প্রধান।
 
খালেদা জিয়া সকাল সাড়ে ১১টা থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কূটনীতিক এবং পরে বেলা দেড়টা পর্যন্ত দলের নেতা-কর্মী, পেশাজীবী এবং সর্বস্তরের নাগরিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
 
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বনানীর কার্যালয়ে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত নিজ দলের নেতা-কর্মী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।