যুক্তরাষ্ট্রের আলাস্কায় চার যাত্রী ও পাইলট নিয়ে মালবাহী বিমান সংস্থা উয়িংস আলাস্কার ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। রয়টার্স জানিয়েছে শুক্রবার আলাস্কা অঙ্গরাজ্যের জুনেয়াউ থেকে হুনাহ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
জুনেয়াউ এর পুলিশ বিভাগ জানিয়েছে, তারা ৯১১ নাম্বারে একট জরুরী কল পেয়েছেন, কলটি দুর্ঘটনায় পড়া বিমানের এক যাত্রীর বলে ধারণা করা হচ্ছে।
ওই কল দেওয়া ব্যক্তির নামের সঙ্গে সেসনা ২০৭ বিমানটির পাঁচ আরোহীর নামের তালিকার একজনের সঙ্গে মিল পাওয়া গেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ।
তবে বিমানটির আরোহীদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনাস্থলের দিকে বেশ কয়েকটি উদ্ধারকারী দল রওয়ানা হয়েছে বলে জুনেয়াউ পুলিশ জানিয়েছে। উদ্ধারকর্মীদের মধ্যে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের সদস্যরাও রয়েছেন।
