চিকিৎসার জন্য রেলমন্ত্রী সিঙ্গাপুরে

আপডেট : ১৮ জুলাই ২০১৫, ১৬:৫৫
 
রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হককে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। শনিবার ভোরে এয়ার অ্যাম্বুলেন্সে মন্ত্রীকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। স্ত্রী হনুফা আক্তার রিক্তা ও একান্ত সচিব কিবরিয়া মজুমদার তার সঙ্গে গেছেন।
 
মন্ত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে মুজিবুল হক চিকিৎসাধীন আছেন। মন্ত্রীর সুস্থতা কামনা করে পরিবার ও দলের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।
 
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল আলম জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে মন্ত্রী ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছে পরবর্তীতে ফেনী রেলস্টেশন পরিদর্শনে যান। ফেনী থেকে কুমিল্লা নগরীর ঠাকুরপাড়ার নিজ বাসভবনে ফিরে ইফতারের পর নগরীর কান্দিরপাড় জামে মসজিদে তারাবির নামাজ পড়তে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাত্ক্ষণিকভাবে তাকে প্রথমে কুমিল্লার বাসভবন এবং পরে রাত ১১টার দিকে নগরীর মুন হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।
 
মন্ত্রীকে রাত ১২টার দিকে ৩ ব্যাগ রক্ত দেয়া হয়। চিকিৎসার পর মন্ত্রী কিছুটা সুস্থ হয়ে উঠলে ডাক্তারের পরামর্শে তাকে ওই রাত দেড়টার দিকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে আসা হয়। উন্নত চিকিৎসার জন্য শনিবার ভোররাত ৫টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে মন্ত্রীকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
 
এদিকে রেলপথ মন্ত্রীর সুস্থতা কামনা করে জেলা সদর, চৌদ্দগ্রামসহ বিভিন্ন স্থানে ঈদের জামাত ও মসজিদে বিশেষ দোয়া করা হয়। জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আফজাল খান অ্যাডভোকেট, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওমর ফারুকসহ আওয়ামী লীগ, কৃষক লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও তাঁর পরিবারের সদস্যরা রেলপথ মন্ত্রী মুজিবুল হকের আশু সুস্থতা কামনা করে দেশবাসীর প্রতি দোয়া চেয়েছেন।