পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঈদগাহ মাঠে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গুরুতর জখম রিপন পাহোলানকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ইউপি চেয়ারম্যান সূত্রে জানা গেছে, একই এলাকার জামাল আকনের গরু রিয়াজ পাহোলানের বাড়ির দরজায় বাঁধে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে তেগাছিয়া ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে সংঘর্ষে রূপ নেয়। এতে রিপন পাহোলান, নাদিম, রেজাউল, ইমরান, বদরুল, মতিউর রহমান, ইসমাইল তালুকদার, ফেরদৌস, আব্দুল রব ফকিরসহ উভয়পক্ষের ১০ জন আহত হন।
এদের মধ্যে রিপনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কলাপাড়া থানার ওসি জানান, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
