প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনীতি লাল গোলাপের রাজনীতি নয়। তিনি দেশের জনগনের জন্য রাজনীতি করেন। প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সড়কগুলো চলাচলের উপযোগী হয়েছে। ফলে এবারের ঈদে ঘরমুখো মানুষের কোন দুর্ভোগ পোহাতে হয়নি।
সড়ক ও সেতুমন্ত্রী এবং আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের আজ শনিবার (১৮ জুলাই) রাত ৯টার দিকে নোয়াখালীর সেনবাগ উপজেলায় সড়ক পরিদর্শনে এসে সর্বস্তরের জনসাধারনের সঙ্গে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময়কালে কয়েকটি পথসভা করেন। পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে সড়ক ও সেতুমন্ত্রী রাত ৮টার দিকে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজারে পৌঁছুলে স্থানীয় লোকজন তাকে স্বাগত জানায়। পরে মন্ত্রী উপজেলার কানকিরহাট, গাজীরহাট চৌরাস্তা মোড়, সাতবাড়িয়া-ফকিরেরহাট বাজার, সেনবাগ পৌর শহরে থানা চত্বরের পথ সভায় যোগ দেন। এরপর মন্ত্রী রাত ৯টার দিকে সেনবাগ সরকারি ডাকবাংলোতে স্থানীয় সাংবাদিক ও দলীয় নেতা-কর্মী ছাড়াও সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিমিয় করেন।
এসময় মন্ত্রী বলেন- এ এলাকা হচ্ছে- মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের সব চেয়ে বড় ঘাঁটি। কিন্তু এখানে দলীয় কোন্দলের কারনে আওয়ামীলীগ বারবার পরাজয় বরণ করছে। তাই এখানকার দলীয় নেতাকর্মীদের দলাদলি ও দলীয় কোন্দল থেকে বেরিয়ে আসতে হবে।
এ সময় সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আবু জাফর টিপু, জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হাজী এম দলিলুর রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা একেএম জাকির হোসেন জুয়েল, আওয়ামীলীগ নেতা- ভিপি মমিন উল্যা মানিক, গোলাম কবির, আলী আক্কাছ রতন প্রমুখ উপস্থিত ছিলেন।
