রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রে মামলা করার পর এবার ফিলিপাইনের বিবাদীদের সঙ্গে সমঝোতা করে অর্থ ফেরত পাওয়ার চেষ্টা চালাবে বাংলাদেশ। এজন্য আইনজীবী ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি দল আগামী সপ্তাহে ফিলিপাইনে যাবে বলে গতকাল জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কৌঁসুলি আজমালুল হোসেন কিউসি।
সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ আইনজীবী জানান, আমাদের আইনি লড়াই চলছে। নিউ নিয়র্ক ফেডারেল কোর্টে মামলা শুরু করে দিয়েছি। আগামী ২ এপ্রিল মামলার তারিখ আছে বলেও জানান তিনি। তবে তার আগে যারা এই মামলার বিবাদী পক্ষে আছে, তাদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছি। সমঝোতার মাধ্যমে যাতে বিষয়টির সম্মানজনক সমাধান হয়, সেজন্যই আলোচনা।
তিন বছর আগে ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থের মধ্যে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) কাছে আটকে থাকা সাড়ে ৬ কোটি ডলার উদ্ধারে গত ১ ফেব্রুয়ারি নিউ ইয়র্কের ম্যানহাটন সাদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করে বাংলাদেশ ব্যাংক। এর আগে আরসিবিসির কাছে অর্থ ফেরতের দাবি জানানো হয়েছিল; কিন্তু সাড়া মেলেনি। এখন মামলা তাদের ওপর চাপ হিসেবে কাজ করবে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা।
সমঝোতার উদ্যোগ কাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে- এ প্রশ্নের উত্তরে আজমালুল হোসেন বলেন, উদ্যোগ বাংলাদেশ নিয়েছে। তাছাড়া যতটুকু জানতে পেরেছি অপরপক্ষের অনেকেই আলোচনায় বসতে আগ্রহী। ফিলিপাইনে যাওয়ার আগে ১০ মার্চ নিজেদের মধ্যে বসে আলোচনার কৌশল ঠিক করবেন বলে জানান বাংলাদেশ ব্যাংকের এই কৌঁসুলি।
