সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন রেলপথমন্ত্রী ও কুমিল্লার চৌদ্দগ্রাম আসনের এমপি মো. মুজিবুল হকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। ওই হাসপাতালে মন্ত্রীর সঙ্গে অবস্থানরত তাঁর একান্ত সচিব কিবরিয়া মজুমদার রবিবার সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চিকিত্সা গ্রহণের পর মন্ত্রী সুস্থ হয়ে ওঠছেন। দ্রুত চিকিত্সার পদক্ষেপ নেয়ার জন্য রেলপথমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। শিগগিরই তিনি দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন মন্ত্রীর একান্ত সচিব।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে মন্ত্রী ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছে পরবর্তীতে ফেনী রেলস্টেশন পরিদর্শনে যান। ফেনী থেকে কুমিল্লা নগরীর ঠাকুরপাড়াস্থ নিজ বাসভবনে ফিরে ইফতারের পর নগরীর কান্দিরপাড় জামে মসজিদে তারাবির নামাজ পড়তে গিয়ে হঠাত্ অসুস্থ হয়ে পড়েন। তাত্ক্ষণিকভাবে তাকে প্রথমে কুমিল্লার বাসভবন এবং পরে রাত ১১টা ৫ মিনিটে নগরীর মুন হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিত্সার পর গভীর রাতে তাঁকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে ভর্তি করা হয়। ওই হাসপাতালের ডাক্তারের পরামর্শে শনিবার ভোরে এয়ার অ্যাম্বুলেন্সযোগে মন্ত্রীকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। চিকিত্সাধীন মন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর (মন্ত্রীর) স্ত্রী হনুফা আক্তার রিক্তা, মন্ত্রীর একান্ত সচিব কিবরিয়া মজুমদার ও ব্যক্তিগত চিকিত্সক মো. রেজাউল করিম।
