সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর মৃতদেহ তুরস্কে সৌদি আরবের কনস্যুলেটরের বাসায় পোড়ানো হয়েছে বলে এক নথিতে জানা গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা তুরস্কের গোয়েন্দাদের নথির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
রবিবার আল-জাজিরায় খাশোগির মৃতদেহ নিয়ে একটি খবর প্রচার করা হয়েছে। নথিতে দেখা গেছে, খাশোগির মৃতদেহের খন্ডিত অংশ একটি ব্যাগে করে কনসাল জেনারেলের বাসভবনে নিয়ে যাওয়া হয়। কনস্যুলেট থেকে কয়েকশ’ মিটার দূরে এই বাসভবন। সেখানে একটি অগ্নিকুন্ড তৈরি করা হয়। অগ্নিকুন্ড তৈরিতে কাজ করা এক কর্মী জানিয়েছেন, বিশেষ কাজের জন্য অগ্নিকুন্ড তৈরি করা হয়। এর তাপমাত্রা ছিল ১ হাজার ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় ধাতব পদার্থও গলে যায়। তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন, তিন দিন ধরে খাশোগির মৃতদেহ পোড়ানো হয়।
