রাণীনগরে জমি দখলকে কেন্দ্র করে আ’লীগ নেতা নিহত

আপডেট : ২০ জুলাই ২০১৫, ১৬:৪০
নওগাঁর রাণীনগরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে এক জন নিহত হয়েছে। নিহত আমজাদ হোসেন (৩৫) আওয়ামী লীগ নেতা।
 
সংঘর্ষে শফির আলী (৭৫) নামের এক বৃদ্ধ গুরুত্বর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আমজাদ হোসেনের পক্ষের লোকজন কয়েকটি বাড়িতে অগ্নি সংযোগ করেছে।
 
নিহতের স্ত্রী ফাইমা বিবি বাদী হয়ে রাণীনগর থানায় ৩৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার আতংকে পুরুষ শূন্য হয়ে পড়েছে।
 
জানা গেছে, ওই গ্রামের কবেজ হোসেনের ছেলে নিহত আমজাদ হোসেনের সঙ্গে একই গ্রামের মাদ্রাসা সুপার জামায়াত নেতা মোজাফ্ফর হোসেনের জমি দখল করা নিয়ে বিরোধ ছিল। গত রবিবার সকাল অনুমান ৭ টার দিকে জমিতে হাল-চাষকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামারির সূত্রপাত হয়।
 
খবর পেয়ে মোজাফফর হোসেনের লোকজন রামদা দিয়ে কুপিয়ে আমজাদের ডান পায়ের গোড়ালি  থেকে পা বিচ্ছিন্ন করে ফেলে এবং বাম পায়ের রগ কেটে দেয়। আমজাদকে প্রথমে আদমদিঘী উপজেলা হাসপাতালে ও পরে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয় । সেখান থেকে আমজাদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুপুর  সোয়া ১২টার দিকে তিনি মারা যান।
 
সোমবার নওগাঁ পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
রাণীনগর থানার ওসি আব্দুল্লাহ আল-মাসউদ চৌধুরী জানান, গ্রামটি থেকে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।