সুন্দরবনে ১৩ জেলেকে অপহরণ

আপডেট : ২০ জুলাই ২০১৫, ১৮:১০
পূর্ব সুন্দরবনে মাছ ধরতে গিয়ে দস্যুদের হাতে ১৩ জেলে অপহৃত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের মধ্যবর্তী তেঁতুলবাড়ীয়া এলাকা থেকে ‘আকাশ বাবু’ বাহিনী পরিচয়ে একদল বনদস্যু জেলে নৌকাবহরে হানা দিয়ে ওই জেলেদের মুক্তিপণের দাবিতে অপহরণ করে। মুক্তিপণ হিসেবে জনপ্রতি ৫০ হাজার টাকা করে দাবি করা হয়েছে। মৎস্য ব্যবসায়ী সূত্রে এ তথ্য জানা গেছে।
 
অপহৃত জেলেরা হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের জাকির সরদার (৩৫), মজলু শেখ (৩২), রহিম হাওলাদার (২২), জসিম তালুকদার (১৮), শুকুর বয়াতী (২১), বেল্লাল পহলান (২৫), আউয়াল হাওলাদার (৪০), বেল্লাল হোসেন (৩৮), আলামীন ফরাজী (২০), কামাল হাওলাদার (৪৫) এবং উত্তর রাজাপুর গ্রামের আলতাফ হাওলাদার (৩২), ইব্রাহীম খান (৩০) ও আবদুল্লাহ বয়াতী ১৯)।
 
নাম প্রকাশ না করার শর্তে ব্যবসায়ীরা জানান, এক সপ্তাহের মধ্যে মুক্তিপণ পরিশোধ না করা হলে জেলেদের হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে দস্যুরা। এছাড়া সুন্দরবনে মাছ ধরতে হলে মৌসুমে নৌকা প্রতি ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করে ‘আকাশ বাহিনী’। এই নির্দেশ অমান্য করলে তার পরিণতি খুব খারাপ হবে বলেও মুঠোফোনে ব্যবসায়ীদের হুমকি দেয়া হয়েছে।
 
শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. কামাল আহমেদ জেলে অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) প্রধান কমান্ডার হাসান বলেন, ‘বিষয়টি এখন পর্যন্ত কেউই তাদের জানায়নি। খোঁজখবর নিয়ে উদ্ধার অভিযান চালানো হবে।’