রেলমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি

আপডেট : ২০ জুলাই ২০১৫, ২১:০৮
 
রেলমন্ত্রী মুজিবুল হকের অবস্থার উন্নতি হয়েছে। সুস্থ হয়ে উঠছেন তিনি। রেলমন্ত্রী বর্তমানে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
বৃহস্পতিবার রাতে কুমিল্লায় অসুস্থ হয়ে পড়লে রেলমন্ত্রীকে স্থানীয় মুন হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই রাতেই সেখান থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
 
পরে শনিবার ভোর এয়ার অ্যাম্বুলেন্সে করে মন্ত্রীকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। মুজিবুল হকের সঙ্গে রয়েছেন তার স্ত্রী হনুফা আক্তার রিক্তা এবং মন্ত্রীর একান্ত সচিব কিবরিয়া মজুমদার।
 
রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম জানান, মন্ত্রী আলসার, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। আলসারের সমস্যা নিয়ে বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে তাকে কুমিল্লার মুন  হাসপাতালে নেয়া হয়। আলসারের কারণে উনার ইন্টারনাল ব্লিডিং হচ্ছিল। এখানে এক ব্যাগ রক্ত দেওয়া হয়।
 
তিনি বলেন, তিনি (মন্ত্রী) ভাল আছেন এবং তিনি বর্তমানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার তিনি মন্ত্রীর একান্ত সচিবের সঙ্গে কথা বলেছেন।
 
এদিকে শনিবার গণভবনে ঈদের শুভেচ্ছ বিনিময়কালে বক্তব্যে রেলমন্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন  প্রধানমন্ত্রী  শেখ হাসিনা। তিনি বলেন, রেলে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রচুর পরিশ্রম করে অসুস্থ হয়ে পড়েছেন মন্ত্রী। উনি চিকিৎসাধীন আছেন। আপনারা উনার জন্য দোয়া করবেন।
 
মন্ত্রী মুজিবুল হকের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। গত বছর কুমিল্লায় চান্দিনায় বিয়ে করেন তিনি।