গাংনীতে দুই গ্রুপের গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২২:৪৫

গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে সাজু (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। গত রবিবার মধ্যরাতে কাজীপুর মুন্সিপাড়া স্লুইজগেট এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

সাজু কাজীপুর গ্রামের পোস্ট অফিসপাড়া এলাকার বজলুর রহমানের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও আনুমানিক ২ কেজি গাঁজা উদ্ধার করেছে। পীরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ অজয় দাশ জানান, কাজীপুর মুন্সিপাড়া স্লুইজগেট এলাকায় গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশের একটি টিম উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করা হয়। এলাকাবাসীর সহযোগিতায় তাকে শনাক্ত করা হয়।

তিনি আরো জানান, সাজু এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গাংনী থানায় মাদক বিক্রির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। তার মাথায় বুকে ও শরীরের বিভিন্ন অংশে বেশ কয়েকটি গুলিবিদ্ধের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।