ধসের পর পাহাড় থেকে ১৫০ পরিবারকে উচ্ছেদ

আপডেট : ২১ জুলাই ২০১৫, ১০:১৫
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার ট্যাংকির পাহাড় ধসে তিন শিশু নিহত হওয়ার ঘটনায় সেখান থেকে ঝুঁকিপূর্ণ ১৫০ পরিবারকে সরিয়ে নেয়া হয়েছে। 
 
ঘটনার একদিন পর সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসনের চালানো অভিযানে ৫০টি ঘর থেকে মোট ১৫০ পরিবারকে উচ্ছেদ করা হয়েছে।
 
জ্যেষ্ঠ সহকারী কমিশনার আফজাল হোসেন জানিয়েছেন, বায়েজিদ এলাকায় ট্যাংকির পাহাড়ের পাদদেশে আমিন জুট মিলের মালিকানাধীন এ জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ঘর তুলে বসবাস করছিল এসব পরিবার।
 
তিনি বলেন, পাহাড়টির নিচে কয়েকশ’ ঘর আছে। পাহাড়ের পাদদেশে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় যারা বসবাস করছিলেন তাদের ঘরই উচ্ছেদ করা হয়েছে।
 
টানা কয়েকদিনের বর্ষণে শনিবার ভোররাতে ট্যাংকির পাহাড়ে ধস হয়ে এক পরিবারের তিন শিশুর মৃত্যু হয়।