উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গতকাল সোমবার ঢাকার সাভার, দোহার উপজেলা, মুন্সীগঞ্জের সিরাজদিখান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলাসহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
স্টাফ রিপোর্টার, সাভার জানান, আসন্ন সাভার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার দুপুরে তিনি সাভার উপজেলা আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে সহকারী রিটার্নিং অফিসার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পুরুষ শাহাদাত্ হোসেন খাঁন, মোঃ রাজু দেওয়ান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইয়াসমিন আক্তার চৌধুরী সুমিও মনোনয়নপত্র জমা দিয়েছেন। পঞ্চম ধাপে সাভার উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে।
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার নবাবগঞ্জ ও দোহারে ৪র্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন প্রার্থীরা । সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত নবাবগঞ্জে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আব্দুল বাতেন মিয়া, স্বতন্ত্র প্রার্থী মো. নাসির উদ্দিন আহমেদ ঝিলু, আব্দুর রাজ্জাক, মোল্লা ফারুক, ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ১৪ জন( মহিলা) ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও বিকল্প ধারা বাংলাদেশের মনোনীত বিকল্প যুবধারার কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান বাচ্চু।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কাশেম ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মঈনুল হাসান নাহিদ। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন বর্তমান ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, অ্যাডভোকেট তাহামিনা আক্তার তুহিন ও মেহেরুননেছা।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, সোমবার উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মাহাবুবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রূপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আলহাজ শাহজাহান ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা তাবিবুল কাদির তমাল, মোখলেছুর রহমান ও এস আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার (ভিপি) শাহরিয়ার পান্না সোহেল, অ্যাডভোকেট সাইফুর রহমান স্বপন, মোতাহার হোসেন নাদিম, আলীম সরকার আর্মি ও হাবিবুর রহমান হারেজ। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফেরদৌসি আলম নিলা, মোসাম্মত হ্যাপি বেগম ও শায়লা তাহসিন।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহকারী রির্টানিং কর্মকর্তার নিকট গতকাল মনোনয়নপত্র দাখিল করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আলহাজ শাহজালাল মিয়া, প্রকৌশলী গোলাম মোহাম্মদ, উপজেলা যুবলীগের সিনিয়র সভাপতি ইকবাল হোসেন মোল্লা ও আওয়ামী লীগ নেতা আবুল হাশেম । এ ছাড়া, নারায়ণগঞ্জে রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুজাহেদুর রহমান হেলো সরকার ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা শিল্পপতি আজাদ খান সোহাগ।
সহকারী রির্টানিং কর্মকর্তার নিকট ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম রফিক। নারী ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী ঝর্ণা রহমান মনোনয়নপত্র দাখিল করেন। এই দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার পথে।
