সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাড়কের দুর্ঘটনার জন্য ইঞ্জিনিয়ারিং কোন কারণ নেই। সড়ক খুবই ভালো। অদক্ষ চালকের কারণেই দুর্ঘটনা ঘটছে। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর সংযোগ মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ মুলীবাড়ি রেলক্রসিং এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, মহাসড়কে ব্যাটারিচালিত যানবাহন চলতে পারবে না। এগুলো মহাসড়কে গতিরোধ করে যানজট সৃষ্টিসহ দুর্ঘটনারও কারণ।
তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল পর্যন্ত চারটি দুর্ঘটনা প্রবণ এলাকায় আরিচা মহাসড়কের আদলে নিউ জার্সি ব্যারিয়ার নির্মাণ করা হবে। কয়েকদিনের মধ্যে কাজ শুরু করে ঈদ-উল-আযহার আগেই তা শেষ করা হবে। একই সাথে আগামীতে এই মহাসড়কটি ফোর লেনে রূপান্তরিত করা হবে। ইতোমধ্যে গাজীপুরের চৌরাস্তা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ফোর লেনের নির্মাণ কাজ শুরু হবে। পরবর্তীতে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে হাটিকুমরুল পর্যন্ত ফোর লেনের কাজ করা হবে। পর্যায়ক্রমে যতগুলো মহাসড়ক রয়েছে প্রতিটিকেই ফোর লেনে রূপান্তরিত করা হবে।
মন্ত্রী আরো বলেন, মহাসড়কগুলোতে কোন বিলবোর্ড থাকা উচিত নয়। কিন্তু চাঁদাবাজরা বিভিন্ন এমপি-মন্ত্রীর ছবিসহ নিজেদের নেতা বানানোর লক্ষ্যে মহাসড়কের পাশে বিল বোর্ড লাগায়। আসলে তারা নেতা নয়, চাঁদাবাজি করতেই এসব করে। মহাসড়কের পাশ থেকে এসব বিলবোর্ড লাগানো থেকে সকলকে বিরত থাকতে হবে।
এসময় সড়ক ও সেতু বিভাগের চিফ ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, সড়ক বিভাগের রাজশাহী বিভাগীয় অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম, ময়মনসিংহ জোনের প্রধান প্রকৌশলী শাহাব উদ্দিন খান, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমদ, জেলা সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
