পুলিশকে 'ঠুল্লা' বলায় কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা

আপডেট : ২১ জুলাই ২০১৫, ১৮:৩৫
 
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পুলিশকে ‘ঠুল্লা’ বলায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দিল্লির পুলিশ কনস্টেবলরা তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। 'ঠুল্লা' শব্দটিকে অপমানজনক হিসেবে গণ্য করা হয়।
 
ইন্ডিয়া টুডে গ্রুপের কনসাল্টিং এডিটর রাজদীপ সারদেশাইকে দেয়া একান্ত সাক্ষাতকারে কেজরিওয়াল পুলিশের পরিবর্তে ওই শব্দটি ব্যবহার করেন। সাক্ষাতকারে কেজরিওয়ালকে বিতর্কিত টেলিভিশন বিজ্ঞাপন প্রচার থেকে শুরু করে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ (এসিবি) বিতর্কসহ কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিরোধ নিয়ে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়।
 
এসিবির সঙ্গে তার বিরোধ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে কেজরিওয়াল বলেন, ‘এসব লোক চায় একজন ‘ঠুল্লা’ (পুলিশ) যদি রাস্তার হকারদের কাছ থেকে অর্থ নেয়ার অপরাধে ধরা পড়ে আমরা যেন তার বিচার না করি।’
 
তিনি প্রায়ই অভিযোগ করেন, আইন-শৃঙ্খলা প্রশ্নে কেন্দ্র সরকার তার হাত বেঁধে রেখেছে। ঠুল্লা একটি অশ্লীল গালি। দিল্লি ও এর আশপাশের এলাকায় শব্দটি ব্যবহৃত হয়।
 
দিল্লির পুলিশ কমিশনার বিএস বাসসি বলেন, ‘মুখ্যমন্ত্রী এ ধরনের শব্দ ব্যবহার করতে পারেন বলে আমার বিশ্বাস হয় না। কিন্তু যদি তিনি শব্দটি ব্যবহার করে থাকেন তবে তা খুবই দুর্ভাগ্যজনক। এটা অপমানজনক।’
 

কেন্দ্রীয় সরকারের সঙ্গে কেজরিওয়াল সরকারের যে বিষয়গুলো নিয়ে মূলত বিরোধ চলছে, দিল্লি পুলিশের নিয়ন্ত্রণের বিষয়টি তার অন্যতম।