কলম্বিয়ায় ফার্ক বিদ্রোহীদের অস্ত্রবিরতি শুরু

আপডেট : ২১ জুলাই ২০১৫, ১৯:২৪
 
কলম্বিয়ায় ফার্ক বিদ্রোহীদের অস্ত্রবিরতি সোমবার শুরু হয়েছে। আশা করা হচ্ছে এর মাধ্যমে দেশটিতে ভঙ্গুর শান্তি প্রক্রিয়া এগিয়ে নেয়া সম্ভব হবে। এদিকে একতরফা অস্ত্রবিরতি শুরুর কয়েকঘন্টা আগে তারা আটক এক সৈন্যকে মুক্তি দিয়েছে।
 
অস্ত্রবিরতি শুরুর কয়েকঘন্টা পর স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস বলেন, শান্তি অর্জন এখনও বড় চ্যালেঞ্জ। তবে সব সমস্যা সত্ত্বেও আমরা শান্তি অর্জনের জন্যে প্রয়োজনীয় যা কিছু করার তা করবো যাতে এ যুদ্ধের অবসান ঘটে।
 
উল্লেখ্য, বামপন্থী ফার্ক বিদ্রোহীরা ল্যাটিন আমেরিকার মধ্যে সবচেয়ে বড়ো গেরিলা সংগঠন। দীর্ঘদিন ধরে তারা কলম্বিয়ায় তাদের তৎপরতা চালিয়ে আসছে। গেরিলা তত্পরতা বন্ধে ২০১২ সালে হাভানায় শান্তি আলোচনা শুরু হয়।
 
এদিকে বিদ্রোহীদের অস্ত্রবিরতির এ সময়ে সরকার সামরিক অভিযান সীমিত এবং দ্বিপাক্ষিক অস্ত্রবিরতির দিকে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করে। কলম্বিয়ায় ফার্ক গেরিলাদের গত অর্ধশত বছরের বিদ্রোহে প্রায় দু’লাখ লোক প্রাণ হারিয়েছে।