গাজীপুর সিটির মেয়র মান্নান আরেক মামলায় গ্রেফতার

আপডেট : ২১ জুলাই ২০১৫, ২১:৪১
গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে আরেকটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। জয়দেবপুর থানা পুলিশ মঙ্গলবার একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতারের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
 
এর আগে মঙ্গলবার দুপুরে মেয়র অধ্যাপক এম এ মান্নান উচ্চ আদালত থেকে দুই মামলায় জামিন লাভ করেছিলেন। 
 
গাজীপুর কোর্ট ইন্সপেক্টর রবিউল ইসলাম জানান, ২০১৩ সালের ১২ ডিসেম্বর ১৮ দলের অবরোধ চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টেকনগপাড়া এলাকার হাওলাদার জেনালের স্টোরের সামনে জামায়াত শিবিরের কর্মী সমর্থকরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় পরদিন পুলিশ বাদী হয়ে জয়দেবপুর থানায় ২৩ জনের নাম উল্লেখ সহ ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা  করে। তদন্তকারী কর্মকর্তা সৈয়দ আবুল হাসেম ওই মামলায় মেয়র অধ্যাপক মান্নানকে গ্রেফতার দেখানোর জন্যে মঙ্গলবার গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, ঘটনার সাথে অধ্যাপক এম এম মান্নান সরাসরি জড়িত থাকার বিষয়ে নির্ভরযোগ্য তথ্য উপাত্ত পাওয়া যাচ্ছে। শুনানি শেষে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারজানা খানম আবেদন মঞ্জুর করেন।