রূপগঞ্জে মাদক বিক্রি করতে রাজি না হওয়ায় জুয়েল মিয়া নামে এক যুবককে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে মাদক ব্যবসায়ীরা। রবিবার রাতে বীরহাটাব এলাকায় এ ঘটনা ঘটে। আহত জুয়েল মিয়া কুলিয়াদী বীরহাটাবো এলাকার শফিক মিয়ার ছেলে। আহত জুয়েলের মা জুলেখা বেগম জানান, মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ, মঞ্জুর, ইমরান দীর্ঘদিন ধরে বীর হাটাবো এলাকার মাদক ব্যবসা করে আসছে। বেশ কিছুদিন ধরে তার ছেলেকে মাদক বিক্রির প্রস্তাব দিয়ে আসছে মাদক ব্যবসায়ীরা। মাদক বিক্রি করতে রাজি না হলে তাকে হত্যা করবে বলে হুমকি দেয় তারা। রবিবার রাতে এলাকার মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ, মঞ্জুর, ইমরানসহ তাদের লোকজন মিলে জুয়েল মিয়াকে মাদক বিক্রি করার জন্য চাপ দেয়। জুয়েল মিয়া মাদক বিক্রি করতে রাজী না হওয়ায় তাকে পিটিয়ে গুরুতর জখম করে তারা এবং তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। এসময় আশপাশের লোকজন এগিয়ে আসলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ঘটনায় জুয়েল মিয়ার মা জুলেখা বেগম রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হক জানান, অভিযোগ পেয়েছি। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
