সিলেটের কুমারগাঁওয়ে ১৩ বছরের শিশু শেখ সামিউল আলম রাজন হত্যার ঘটনায় ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার দুই আসামি। এরা হলেন, দুলাল আহমদ ও নুর আহমদ।
এসএমপির এসি (প্রসিকিউশন) আব্দুল আহাদ জানান, এ স্বীকারোক্তি মামলাটি দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে সহায়ক হবে।
মঙ্গলবার বিকালে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আনোয়ারুল হকের আদালতে জবানবন্দি দেয় আসামিরা।
জবানবন্দি গ্রহণশেষে একটি মাইক্রোবাসে করে তাদেরকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। আসামিদের বহনকারী মাইক্রোবাসে বিক্ষুব্ধ জনতা হামলার চেষ্টা চালায় বলে প্রত্যক্ষদর্শী একটি সূত্র জানায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে সোমবার মহানগর হাকিম আনোয়ারুল হকের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মামলার আসামি চৌকিদার ময়না মিয়া। আর প্রত্যক্ষদর্শী হিসেবে এর আগে ঘটনার জবানবন্দি দিয়েছেন ফিরোজ আলী ও আজমত আলী।
