সাভার উপজেলার আশুলিয়ায় পরিবহন থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে পরিবহন শ্রমিকরা। সোমবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় গণপরিবহনে চাঁদাবাজিকালে তাদের হাতেনাতে আটক করা হয়। আটকরা হলো- স্থানীয় বাইপাইল এলাকার শওকত হোসেন এবং গাজীরচট এলাকার মোঃ রুমেল।
পরিবহন শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় রুমেল ও শওকত নামে ঐ দুই ব্যক্তি প্রভাব খাটিয়ে বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি করে আসছিল। তারা গাবতলী থেকে বগুড়াগামী প্রায় অর্ধশত পরিবহন থেকে প্রতিদিন এক শ’ টাকা করে চাঁদা আদায় করত। আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু বলেন, চাঁদাবাজির অভিযোগে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১১ মাদকসেবী ও বিক্রেতা আটক
সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। রবিবার রাতে সাভার পৌর এলাকার স্মরণিকা আবাসিক এলাকা এবং ডগরমোড়াসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটকদের নাম মোঃ আল আমিন, বাবু ওরফে টাইগার বাবু, বাদশা মিয়া, আরজ আলী, রেহান উদ্দিন, রবিউল ইসলাম, রতন মিয়া, বিল্লাল হোসেন, শামীম হোসেন, মোঃ হূদয় এবং বাদশা মিয়া (২)। সাভার মডেল থানার এসআই মোফাজ্জল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরা মাদক ব্যবসার পাশাপাশি ছিনতাইয়ের সঙ্গেও জড়িত ছিল।
