কোকেন মামলায় সিএণ্ডএফ কর্মকর্তা ১০ দিনের রিমান্ডে

আপডেট : ২২ জুলাই ২০১৫, ০১:৩৪

চট্টগ্রামে চাঞ্চল্যকর কোকেন মামলায় গ্রেফতার সিঅ্যান্ডএফ কর্মকর্তা সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নিয়েছে মহানগর ডিবি পুলিশ। মহানগর হাকিম ফরিদ আলমের আদালত গতকাল মঙ্গলবার তার রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

 
সাইফুলকে গত ১২ জুলাই নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ থেকে গ্রেফতার করা হয়। মামলায় সাইফুলসহ এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গ্রেফতারকৃতরা হলেনঃ আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান প্রাইম হ্যাচারির ম্যানেজার মো. গোলাম মোস্তফা সোহেল, কসকো শিপিং লাইনসের ম্যানেজার একে আজাদ, ঢাকার মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্য প্রতিষ্ঠানের কর্মকর্তা মেহেদি আলম ও আবাসন ব্যবসায়ী মোস্তফা কামাল। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) এসএম তানভীর আরাফাত বলেন, কোকেন আমদানির ঘটনায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে একটি সিএন্ডএফ এজেন্টের কর্মকর্তা সাইফুল ইসলামের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে গত ১২ জুলাই তাকে গ্রেফতার করা হয়।
 

গত ৮ জুন চট্টগ্রাম বন্দরে কোকেন রয়েছে সন্দেহে বলিভিয়া থেকে আসা একটি কন্টেইনার আটক করা হয়। কন্টেইনারটিতে থাকা সূর্যমুখী তেলের নমুনা পরীক্ষা করে একটি ড্রামে তরল কোকেনের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নগরীর বন্দর থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। পরে মামলায় চোরাচালানের ধারা সংযুক্ত করা হয়। মামলায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি আমদানিকারক প্রতিষ্ঠানের চেয়ারম্যান নূর মোহাম্মদকে এখনো গ্রেফতার করা হয়নি। মামলা তদন্তে ১০ সদস্যের একটি টিম গঠন করেছে সিএমপি।