হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিত্সা চলবে মর্মে আদেশ দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত-৯। আদেশে বলা হয়েছে, খালেদা জিয়াকে চিকিত্সা দেওয়ার লক্ষ্যে উচ্চ আদালতের নির্দেশে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। খালেদা জিয়া কী অবস্থায় এবং কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত চিকিত্সা পেতে পারেন, সে ব্যাপারেও উচ্চ আদালত সিদ্ধান্ত দিয়ে রেখেছে। তাই উচ্চ আদালতের নির্দেশনার বাইরে গিয়ে ব্যক্তিগত চিকিত্সক দ্বারা চিকিত্সা করানোর নির্দেশনা দেওয়ার সুযোগ নেই। বিশেষ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান গতকাল সোমবার এই আদেশ দেন।
সম্প্রতি ব্যক্তিগত চিকিত্সক দ্বারা খালেদা জিয়া চিকিত্সা সেবা প্রদানের জন্য আদালতে আবেদন করেছিলেন তার আইনজীবীরা। ওই আবেদনের ওপর দেয়া আদেশে আদালত বলেছে, কারাবিধি অনুযায়ী তার প্রয়োজনীয় চিকিত্সা প্রদান করা বা অব্যাহত রাখার জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হচ্ছে।
