মিয়ানমার থেকে দেশে ফিরেছে আরো ১৫৫ অভিবাসী

আপডেট : ২২ জুলাই ২০১৫, ১৯:১৯

মিয়ানমার থেকে দেশে ফিরেছে আরো ১৫৫ অভিবাসী। প্রায় দুই মাস পর দেশে ফিরিয়ে আনা হয়েছে মিয়ানমার সমুদ্র উপকূল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া এসব বাংলাদেশিকে।

বুধবার দুপুরে পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করে মিয়ানমার ইমিগ্রেশন বিভাগ। দুপুর ১ টার দিকে বাংলাদেশের ঘুমধুম সীমান্তের বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু দিয়ে তাদের দেশে নিয়ে আসা হয়েছে।

এর আগে বেলা পৌনে ১১টায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্টে মিয়ানমারের অভ্যন্তরে ঢেকুবনিয়া বিজিপি ক্যাম্পে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের ১৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. রবিউল ইসলাম । মিয়ানমারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিয়ানমার বিজিপির ১নং সেক্টরের অধিনায়ক লে. কর্ণেল ক্যাই তুই য্যা।