নূর হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন ২৪ আগস্ট

আপডেট : ২২ জুলাই ২০১৫, ১৮:১৬


ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের মামলায় অভিযুক্ত নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে ভারতের আদালতে চার্জ গঠন হবে ২৪ আগস্ট। বুধবার পশ্চিমবঙ্গের বারাসাত কোর্টের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রবীর কুমার মিসর এই আদেশ দিয়েছেন।

একইসঙ্গে ঐ মামলায় অভিযুক্ত জামিনে মুক্ত খান সুমন পর পর দুইবার আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে বুধবার নুর হোসেনকে দমদম জেল থেকে বারাসত আদালতে আনা হয়।

আগে কয়েকবার নানা কারণে চার্জ গঠন পিছিয়ে গেলেও গ্রেফতারের ১৪ মাসেরও বেশি সময় পর নূরের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে চার্জ গঠন করা হচ্ছে।

ওই দিন ঠিক হবে কোন ধারায় নুরের বিরুদ্ধে ভারতের আদালতে মামলা চলবে।

গত বছর ১৪ জুন কলকাতার উপকন্ঠে বাগুইহাটির কৈখালির ইন্দ্রপ্রস্থ এপার্টমেন্ট থেকে নূর হোসেন ও তার দুই সঙ্গীকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ।
পরে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ, অস্ত্র আইন এবং জুয়া খেলার অভিযোগে মামলা করা হয়।