রাজশাহীতে আওয়ামী লীগ কার্যালয়ে সংঘর্ষ, আহত ৫

আপডেট : ২২ জুলাই ২০১৫, ১৮:৪২


রাজশাহী মহানগর আওয়ামী লীগের ১৪ নম্বর ওয়ার্ড কার্যালয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টায় নগরীর বর্ণালী মোড় এলাকার উত্তর পার্শ্বে অবস্থিত ওয়ার্ড কার্যালয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

তবে বিষয়টি ধামাচাপা দিতে আহতদের গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ১৪ নম্বর ওয়ার্ড কার্যালয়ে জুয়া খেলা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা আরিফ হোসেন ও ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা শামীম হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের দুইজনের মধ্যে ধাক্কাধাক্কির জেরধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। পরে আহতদের মধ্যে তিনজনকে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের প্রত্যেকের মাথায় লাঠির আঘাতে জখম হয়েছে।

এ প্রসঙ্গে বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম জানান, এ ধরণের কোন ঘটনার কথা শুনিনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।