টুঙ্গিপাড়ায় চেয়ারম্যান-সাবেক চেয়ারম্যান সংঘর্ষ: নিহত ১

আপডেট : ২২ জুলাই ২০১৫, ২১:৫৪
 
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্নি ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক জন নিহতসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ বর্তমান চেয়ারম্যান খালিদ হোসেন সমদ্দার ও সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমানকে আটক করেছে।
 
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দুইটা পর্যন্ত থেমে থেমে উভয় গ্রুপের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এসময় বর্তমান চেয়ারম্যানের সমর্থক এস্কেন বিশ্বাসের স্ত্রী স্বপ্না বিশ্বাস (৩০) মাথায় লাঠির আঘাতে মারা যান।
 
সংঘর্ষ থামাতে পুলিশ রাবার বুলেট ও লাঠি চার্জ করে। এ সময় থেকে দু গ্রুপের ২২ জনকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি রামদা, সড়কি, চাপাতি ও কুড়াল উদ্ধার করা হয়েছে।
 
টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক একরাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট নিক্ষেপ করা হয়। বর্তমান ও সাবেক চেয়ারম্যান পরস্পরের প্রতিদ্বন্দ্বী। এদের কারণেই এই এলাকায় প্রায়ই ঝামেলার সৃষ্টি হয়।'