রাজন হত্যা: আরেকজন গ্রেফতার

আপডেট : ২৩ জুলাই ২০১৫, ১০:২৭
 
সিলেটে শিশু রাজনকে পিটিয়ে হত্যার ঘটনায় তাজুদ্দিন আহমেদ বাদল নামে আরো একজনকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ। বুধবার রাত সোয়া ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতার হওয়া বাদল কুমারগাঁওয়ের শেখপাড়ার সুলতান আহমেদের ছেলে।
 
জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন বলেন, এ মামলায় গ্রেফতারদের দেয়া তথ্য অনুযায়ী বাদলকে ধরা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগ পাওয়া গেছে।
 

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করে কয়েকজন যুবক। পরে ওই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তারাই ইন্টারনেটে ছড়িয়ে দেয়। তাকে হত্যার পর লাশ গুম করার সময় কুমারগাঁও এলাকায় মুহিত আলম নামে একজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। পরে মুহিত, তার ভাই কামরুল ইসলাম ও আলী হায়দার এবং ময়না মিয়া চৌকিদারের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করে পুলিশ। এ ঘটনায় মুহিতের স্ত্রী লিপি বেগম, দুই প্রত্যক্ষদর্শী আজমত উল্লাহ ও ফিরোজ আলীসহ ১১ জনকে এর আগে গ্রেফতার করা হয়।