রেজিস্ট্রি অফিসের দুর্নীতির দুষ্টচক্র ভাঙতে হবে

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০১:১০

সাব-রেজিস্ট্রি ও জেলা রেজিস্ট্রি অফিসগুলোতে দুর্নীতির দুষ্টচক্র ভেঙে ফেলতে সাব-রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রারদের নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ব্যাপারে আইন মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে জানিয়ে তিনি বলেন, আপনারা নিজেরা মাঠ পর্যায়ে চাকরি করেন। আমি সেখানে চাকরি করি না। তাই দুর্নীতির সিন্ডিকেট ভাঙতে অবশ্যই আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। এতে প্রতিবন্ধকতা এলে আমি সহযোগিতা করব। গত রবিবার ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিবন্ধন অধিদপ্তরে স্বচ্ছতা ও জনবান্ধব পরিষেবা নিশ্চিতকরণের লক্ষ্যে  আয়োজিত এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা কেন এই মানসিকতা তৈরি করতে পারব না যে, আমরা ঘুষ খাব না, আমরা সততার সঙ্গে কাজ করব এবং জনগণকে যথার্থ সেবা দিব।

নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক খান মো. আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা বক্তৃতা করেন।