ছাত্রলীগের জাতীয় সম্মেলন উপলক্ষে ছাত্রদলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার ছাত্রলীগের পক্ষ থেকে আমন্ত্রণপত্র নয়া পল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছানো হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি জয়দেব নন্দী ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী ২৫ ও ২৬ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে বেলা ৫টা ৩৫ মিনিটে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি জয়দেব নন্দীর নেতৃত্বে ১২ সদস্যের একটি দল ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি ও অন্যান্য নেতারা এ আমন্ত্রণপত্র গ্রহণ করেন।
ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, পরিবেশ বিষয়ক সাইফুর রহমান সোহাগ, সমাজসেবা সম্পাদক কাজী এনায়েত, অর্থ সম্পাদক আশিকুল ইসলামসহ অন্যান্যরা প্রতিনিধি দলে ছিলেন।
