রামেক হাসপাতালে ৬টি নতুন ডায়ালাইসিস মেশিন সংযোজন

আপডেট : ২৩ জুলাই ২০১৫, ২০:১৬
 
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কিডনি বিভাগে আধুনিক ও উন্নত চিকিৎসা দিতে সক্ষম নতুন ৬টি ডায়ালাইসিস মেশিন সংযুক্ত করা হয়েছে। এতে ব্যয় হয়েছে আনুমানিক ৮০ লাখ টাকা। আশা করা হচ্ছে নতুন মেশিনগুলো সংযোজনের ফলে কিডনি চিকিত্সায় আরো গতি আসবে।
 
অবহেলিত উত্তরাঞ্চলে কিডনি রোগীরা স্বল্প ব্যয়ে আধুনিক প্রযুক্তির চিকিত্সা সুবিধা পাবেন। আগামী ১০-১৫ দিনের মধ্যে নতুন ডায়ালাইসিস সেন্টারটির আনুষ্ঠানিক কার্যক্রম চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
 
জানা গেছে, ৬টি নতুন ডায়ালাইসিস মেশিনের মধ্যে আমেরিকার তৈরি ৩টি হাসপাতাল কর্তৃপক্ষ কিনেছে এবং জাপানের তৈরি অপর ৩টি মেশিন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুদান হিসেবে পাওয়া গেছে।
 
সূত্র জানায়, এই হাসপাতালে আগে থেকে ৭টি ডায়ালাইসিস মেশিন ছিলো। কিন্তু দীর্ঘ দিন ব্যবহারের ফলে মেশিনগুলোর কার্যক্ষমতা কমে যায়। এজন্য আরও ৬টি ডায়ালাইসিস মেশিন আনার উদ্যোগ নেয়া হয়। এর ফলে রামেক হাসপাতালে এখন মোট ১৩ টি ডায়ালাইসিস মেশিন হল।
 
এ ব্যাপারে হাসপাতাল পরিচালক বিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন জানান, হাসপাতালের সিটি স্ক্যান মেশিন চার বছর ধরে অকেজো রয়েছে। আগামী ৩১ জুলাই নতুন সিটি স্ক্যান মেশিন বাংলাদেশে এসে পৌঁছাবে। এর আনুষাঙ্গিক যন্ত্রপাতি ইতোমধ্যে চলে এসেছে এবং আগামী আগস্ট মাসের মধ্যেই নতুন সিটি স্ক্যান মেশিন আনা সম্ভব হবে। নতুন মেশিনটি স্থাপনের কাজ এগিয়ে চলেছে। জেনারেটর ও পাওয়ার সাব-স্টেশনের কাজও প্রায় শেষের পথে বলে জানান তিনি।
 
পরিচালক জানান, নতুন সিটি স্ক্যান মেশিনটি উন্নতমানের হবে, যা ৬৪ এঙ্গেল থেকে ছবি তুলতে সক্ষম। আগের মেশিনটি থেকে মাত্র একটি এঙ্গেল থেকে ছবি তোলা যেত। নতুন সিটি স্ক্যান মেশিনটি ফিলিপস কোম্পানীর তৈরী। এতে ব্যয় হবে আনুমানিক ১২ কোটি টাকা।
 
এদিকে রামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, ‘উন্নত চিকিত্সা ব্যবস্থায় ডায়ালাইসিস করে এবং কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে কিডনি রোগীদের দীর্ঘদিন বাঁচিয়ে রাখা সম্ভব। এ কারণে রামেকে আধুনিক ও উন্নত চিকিত্সা সেবা দিতে সক্ষম ৬টি নতুন ডায়ালাইসিস মেশিন আনা হয়েছে।’