দুর্ঘটনার জেরে ঢাকা-মাওয়া মহাসড়কে বাস ভাংচুর

আপডেট : ২৩ জুলাই ২০১৫, ২১:১৪
 
বুধবার মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হওয়ার পর বৃহস্পতিবার ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নীমতলীতে ইলিশ পরিবহনের ১৫টি বাস ভাংচুর করেছে এলাকাবাসী।
 
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, ক্ষুব্ধ গ্রামবাসী ইলিশ পরিবহনের যাত্রীবাহী বাস ভাঙচুর করেছে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীনগর ও সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
 
দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি চলে যাওয়ার কিছু পরই এই ঘটনা ঘটে।
 
উল্লেখ্য, বুধবার বিকেলে ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখানের নীম তলা নামক স্থানে ইলিশ পরিবহন বাসের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হন।