বাংলাদেশ দলের বিপক্ষে জহুর আহমেদ টেস্ট শুরুর আগেই ধরেই নেয়া হয়েছিল, এই টেস্টের মধ্য দিয়ে চারশো উইকেটের মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছেন ডেল স্টেইন।
আফ্রিকার অন্যতম সেরা এই পেসার বাংলাদেশ দলের বিপক্ষে টেস্ট শুরুর আগে ৩৯৬ উইকেট নিয়ে চারশোর মাইল ফলকের অপেক্ষায় ছিলেন। কিন্তু জহুর আহমেদ টেস্টের তৃতীয় দিন শেষেও সেই মাইল ফলক স্পর্শ করতে পারেননি স্টেইন।
প্রথম ইনিংসে বাংলাদেশের তিন উইকেট শিকার করে ৩৯৯ এ পৌঁছেছেন আফ্রিকার হয়ে ৭৯ টেস্ট খেলা স্টেইন। আফ্রিকার হয়ে ১০৮ টেস্ট খেলে ৪২১ উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন সাবেক ডান হাতি ফাস্ট মিডিয়াম পেসার শন পোলক।
বৃহস্পতিবার টেস্টের তৃতীয় দিনের শুরুর দিকে আফ্রিকার চেয়ে ৫৩ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ দল। খেলার যখন এই অবস্থা তখন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমকে সাজঘরে ফেরানোর মধ্য দিয়ে প্রথম উইকেট শিকার করেন ডেল স্টেইন। এরপর একে একে লোয়ার অর্ডার ব্যাটসম্যান তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানকে ফিরিয়ে দিয়ে ৩৯৯ এ পৌঁছে যান আফ্রিকান সেরা এই পেসার।
বাংলাদেশ সফরে উইকেট পাওয়ার জন্য তিনি কিই না করেছেন। কখনও শর্ট বল, কখনও সুইং কখনও আবার রিভার্স সুইং করিয়েছেন। ভারনন ফিলেন্ডার ও মর্নি মর্কেলের মতো লাইন লেন্থ ঠিক রেখে বল করেছেন। এই বোলারকে ফেস করতে বেশি অসুবিধে হয়েছে বাংলাদেশি ব্যাটসম্যানদের।
৩২ বছর বয়সী এই পেসারের অভিষেক হয় ২০০৪ সালে, ইংল্যান্ডের বিপক্ষে পোর্ট এলিজাবেথ মাঠে। অভিষেক টেস্টেই পেয়েছেন উইকেট শিকারের স্বাদ। তার টেস্ট ক্যারিয়ার সেরা বোলিং ভারতের বিপক্ষে। ২০১০ সালে ভারত সফরে নাগপুর টেস্টে ৫১ রানে সাত উইকেট নিয়ে একাই ভারতকে ধসিয়ে দিয়েছেন তিনি। এছাড়া টেস্ট ক্যারিয়ারে ছয়বার ছয়টি করে উইকেট শিকার করেছেন। বর্তমান বিশ্বের পেস বোলারদের মধ্যে সেরাদের অন্যতম তিনি।
আফ্রিকান এই পেসার টেস্টের পাশাপাশি ১০৪ ওয়ানডে খেলে শিকার করেছেন ১৬২ উইকেট।
