পরাজয়ে ‘পরীক্ষা’ দেখছেন মরিনহো

আপডেট : ২৩ জুলাই ২০১৫, ২১:৪০
 
ইংলিশ লিগ চ্যাম্পিয়ন চেলসি প্রাক মৌসুমে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউ ইয়র্ক বুলসের কাছে ৪-২ গোলে পরাজয়টাকে পরীক্ষা হিসেবে দেখছেন কোচ হোসে মরিনহো। সেই সঙ্গে দলের এই পরীক্ষায় সন্তুষ্টিও ব্যক্ত করেছেন তিনি। 
 
 
নিউ ইয়র্কের রেড বুলস অ্যারিনায় অনুষ্ঠিত প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের এই খেলায় চেলসি প্রথমে এগিয়ে গেলেও বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়। ফরোয়ার্ড লইক রেমির গোলে প্রথমার্ধে এগিয়ে থাকা অতিথি ব্লুজরা দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে। এই সময়ে স্বাগতিক দলটি চারটি গোল করে জয় নিশ্চিত করে। খেলার ৭৫তম মিনিটে একটি গোল করে ব্যবধান কমালেও পরাজয় এড়ানো সম্ভব হয়নি চেলসির।
 
 
ম্যাচ শেষে খেলাটিকে চেলসির জন্য পরীক্ষা বলে উল্লেখ করলেন কোচ মরিনহো। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা১০-০ ব্যবধানে জয় পেলেও ভালো কিছু হতো না। আমাদের একটি পরীক্ষার প্রয়োজন ছিল এবং আমরা এটা গ্রহণ করেছি।’ প্রতিপক্ষ রেড বুলসের খেলার প্রশংসা করে এই পর্তুগিজ কোচ আরো বলেন, ‘তারা পরিচ্ছন্ন, অত্যন্ত দ্রুত গতির ফুটবল খেলেছে। তারা আমাদের বিপক্ষে খেলতে পারায় অনেক খুশি এবং আমরা যেমনটা চিন্তা করেছিলাম তারা এর চেয়েও ভালো খেলেছে।’
 
 
রেড বুলসের কাছে পরাজিত হলেও শিষ্যদের প্রশংসা করে মরিনহো বলেন, ‘আমি ইংল্যান্ডের সবচেয়ে সেরা দলের কোচ, আমাদের সেরা সেরা খেলোয়াড়ও রয়েছে এবং দলে কোনো ধরনের দুর্বলতা নেই।.....এসব খেলোয়াড়দের ওপর আমাদের বিশ্বাস আছে। তাছাড়া আমরা এই দলের (রেড বুলস) বিপক্ষে ১০ বার খেলেছি। এর মধ্যে নয়বারই জয় পেয়েছি।’—সকারওয়ে