রাজন হত্যা মামলা নিতে পুলিশ চরম গাফিলতি করেছে

আপডেট : ২৪ জুলাই ২০১৫, ০১:৫২

সিলেটে সামিউল ইসলাম রাজনকে পিটিয়ে হত্যার ঘটনার সাথে পুলিশের দায়িত্ব অবহেলা ও গাফিলতি তথ্য পেয়েছে তদন্ত কমিটি। রাজন হত্যার ঘটনা তদন্তে পুলিশের গঠিত তদন্ত কমিটির রিপোর্ট গতকাল বৃহস্পতিবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে পেশ করা হয়েছে।

 
৪২৪ পৃষ্ঠার ঐ রিপোর্টে ঘটনার পর পুলিশের পক্ষ থেকে এ সংক্রান্ত মামলা গ্রহণ ও আসামি গ্রেফতারে চরম অবহেলা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া প্রধান আসামি কামরুল ইসলাম পুলিশের সহায়তায় পালিয়ে গিয়েছিল কী না তা খতিয়ে দেখার সুপারিশ করেছে। রিপোর্টে রাজনের পরিবারের সঙ্গে পুলিশের দুর্ব্যবহার করার সত্যতা উল্লেখ করে বলা হয়েছে, রাজনের বাবা শেখ আজিজুর রহমান পুলিশের কাছে মামলা করতে গেলে তার ওপর মানসিক নির্যাতন করা হয়।
 
উল্লেখ্য, ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে রাজনকে পিটিয়ে হত্যার ঘটনার পর ১৪ জুলাই এসএমপির অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে পুলিশ।