গাজীপুরে কাভার্ড ভ্যান-লেগুনার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। হতাহত সকলেই লেগুনার যাত্রী। দুর্ঘটনার পর পুলিশ লেগুনা ও কাভার্ড ভ্যান আটক করলেও কাভার্ড ভ্যানের চালক ও সহকারী পালিয়ে গেছেন।
নিহতরা হলেন- লেগুনার চালক শেরপুর জেলার ঝিনাইগাতি থানার কানদুলি গ্রামের হযরত আলীর ছেলে সাইদুর (২০)। তিনি গাজীপুর মহানগরীর ইটাহাটা এলাকার ভাড়া থাকতেন। এছাড়া নাওজের এলাকার মনি আক্তার (২৬), কেয়া কসমেটিকস কারখানার কর্মচারী ও পটুয়াখালী জেলার ছোট সিবা গ্রামের আব্দুল বাশারের ছেলে সোহেল মিয়া (৩০), মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ফখরুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম (৩০), তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত একজন পুরুষের (৩৫) পরিচয় পাওয়া যায়নি।
আহতরা হলেন- গাজীপুর মহানগরীর দিঘীরচালা এলাকার জালাল উদ্দিনের ছেলে এনামুল হক (৩৫), চান্দনা এলাকার জয়নাল আবেদীনের ছেলে আব্দুল কুদ্দুস (২৪), টঙ্গীর কামাল উদ্দিনের ছেলে মামুন (২৫), বাচ্চু মিয়ার ছেলে পমির (২৮), রফিক উদ্দিনের ছেলে ফখরুল ইসলাম (৩৫)। এদের মধ্যে এনামুল, পমির ও মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর দুইজন গাজীপুরে শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাইওয়ে পুলিশের এসআই বাহার আলম জানান, ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে লেগুনার চালকসহ ঘটনাস্থলে ৪জন ও হাসপাতালে একজন মারা যায়।
পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
