নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাষ্টার্স শেষ বর্ষের ছাত্রী মরিয়ম খাতুন। তারুণ্যের উদ্দীপনায় মেতে থাকা মরিয়মের স্বপ্ন ছিল ভালোবেসে ঘর বাধার। প্রেম করে বিয়েও করেছিল পছন্দের মানুষ জাহাঙ্গীর আলমকে।
বিয়ের দিন মরিয়মের ছিলো না নববধূর সাজ। বাসর ঘরেও ছিল না কোন সাজসজ্জা। সাদামাঠা ভাবেই বিয়ে সম্পূর্ণ হয় তাদের।
কিন্তু বাসর ঘরেই যে তাদের প্রেমের ইতি ঘটবে কে জানত? বৃহস্পতিবার দুপুরে নাটোর জজকোর্টে এফিডেভিটের মাধ্যমে বিয়ে সম্পূর্ণ হলেও শুক্রবার সকালে বাসর ঘর থেকে লাশ হয়ে ফিরল নববধূ মরিয়ম।
নিহত মরিয়ম খাতুন নাটোরের সিংড়া উপজেলার ঢাকঢোর গ্রামের হুমায়ুন আহমেদের মেয়ে।
এ ঘটনায় জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মোবাইল ফোনের মাধ্যমে মরিয়ম খাতুনের সাথে একই উপজেলার গোয়াল বাতান গ্রামের আকবর আলীর ছেলে জাহাঙ্গীর আলমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই সূত্র ধরে মাঝে মধ্যেই জাহাঙ্গীর মরিয়মদের বাড়িতে যাওয়াত করত। বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীর মরিয়মের সাথে দেখা করতে তাদের বাড়িতে যায়। এ সময় মরিয়মের পরিবারের লোকজন জাহাঙ্গীরকে আটকে রেখে বিয়ের জন্য চাপ দিতে থাকে। এক সময় জোরপূর্বক দু’জনকে নাটোর জজকোর্টে নিয়ে এফিডেভিটের মাধ্যমে বিয়ে পড়িয়ে দেয়। এরপর মরিয়মদের বাড়িতে তাদের বাসরের ব্যবস্থা করা হয়। জোরপূর্বক বিয়ে দেওয়া নিয়ে রাতে জাহাঙ্গীরের সাথে মরিয়মের ঝগড়া হয়। সকালে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরিয়মের ঝুলন্ত লাশ পাওয়া যায়।
এ বিষয়ে মরিয়মের বাবা হুমায়ুন আহমেদ অভিযোগ করে বলেন, রাতে জাহাঙ্গীর তার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার জন্য লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার কথা প্রচার করছে। জাহাঙ্গীরই তার মেয়ের হত্যাকারী।
তবে জাহাঙ্গীর হত্যার কথা অস্বীকার করে বলেন, জোর করে বিয়ে পড়ানো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি ঘুমিয়ে পড়েন। অভিমানে রাতের কোন এক সময় মরিয়ম গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
জাহাঙ্গীরের দাবি, ‘গভীর ঘুমে থাকায় তিনি বিষয়টি টের পাননি।’
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মন্ডল জানান, খবর পেয়ে পুলিশ মরিয়মের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ময়না তদন্ত রিপোর্ট পেলে হত্যা না আত্মহত্যা সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।
তিনি আরো জানান, জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়েছে।
নিহত মরিয়মের ভাই বাদী হয়ে জাহাঙ্গীরকে অভিযুক্ত করে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
