শিশু রাজন হত্যার ঘটনায় তার বাবার অভিযোগ গ্রহণে গড়িমসি করায় জালালাবাদ থানার এসআই আমিনুল ইসলাম ও এসআই জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
রাজনের বাবার অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণে গড়িমসির প্রমাণ মিলেছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৮ জুলাই শিশু সামিউলকে হত্যার পরপরই তার বাবা শেখ মো. আজিজুর রহমানের অভিযোগ পুলিশ গ্রহণ করেনি বলে অভিযোগ পাওয়া যায়। গত ১৪ জুলাই জালালাবাদ থানার এসআই আমিনুল ইসলামকে প্রত্যাহার করে মহানগর পুলিশের পদস্থ কর্মকর্তাদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান ও মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএ রোকনউদ্দিন ৪২৪ পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ কমিশনারের কাছে জমা দেন। তদন্তে পুলিশের গড়িমসির প্রমাণ মিলেছে বলে জানা যায়।
