রেলমন্ত্রী ফের আইসিইউতে, দোয়া চাইলেন স্ত্রী

আপডেট : ২৪ জুলাই ২০১৫, ২০:০৬
 
 
রেলপথমন্ত্রী মুজিবুল হকের অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) নেয়া হয়েছে। রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জসিম উদ্দিন এ তথ্যটি নিশ্চিত করেন। গত ১৭ জুলাই পেটে আলসারের কারণে রক্তক্ষরণ হওয়ায় রেলপথমন্ত্রী মজিবুল হককে সিঙ্গাপুরের ওই হাসপাতালে ভর্তি করা হয়।
 
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল আলম জানান, বৃহস্পতিবার মন্ত্রীকে হাসপাতাল থেকে রিলিজ দেয়ার কথা ছিল। কিন্তু আলসারের কারণে পেটের ভেতরে আবার রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থার অবনতি হয়। এ জন্য তাকে আইসিইউতে নেয়া হয়েছে।
 
গত ১৬ জুলাই রাতে কুমিল্লায় অসুস্থ হয়ে পড়লে মন্ত্রীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ওই রাতেই তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। এরপর সিএমএইচের চিকিত্সকদের পরামর্শে মন্ত্রীকে ১৭ জুলাই ভোর ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হয়। মন্ত্রীর সঙ্গে স্ত্রী হনুফা আক্তার রিক্তা রিতা, ব্যক্তিগত চিকিত্সক রেজাউল করিম ও একান্ত সচিব কিবরিয়া মজুমদার রয়েছেন। হনুফা আক্তার রিতা দেশবাসীর কাছে রেলপথ মন্ত্রী মুজিবুল হকের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। ৬৮ বছর বয়সী রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। গতবছর কুমিল্লায় চান্দিনায় বিয়ে করেন তিনি।
 
এ দিকে, রেলপথমন্ত্রী মুজিবুল হকের রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করে কোরআনখানি ও দেয়া মাহফিল অব্যাহত রয়েছে। শুক্রবার সকালে তার নিজ গ্রামের বাড়ি চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের উদ্দ্যোগে স্থানীয় স্কুল মাঠে এক বিশাল মিলাদ মাহফিল ও কোরআন খতম  অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন মৌকারা দরবার শরিফের পীর সাহেব মাওলানা নেছারউদ্দিন ওয়ালিউল­াহ সাহেব। এ দিকে, মন্ত্রীর শারীরিক সুস্থতা কামানা করে তার নিজ নির্বাচনী এলাকা ছাড়াও কুমিল্লা মহানগরীর বিভিন্ন মসজিদে শুক্রবার জুমার নামাজ শেষে দোয়া মোনাজাত করা হয়।