গ্রাহকদের টাকা কেটে নিয়েছে গ্রামীণফোন!

আপডেট : ২৪ জুলাই ২০১৫, ২০:৫৯
 
সিলেটের ওসমানীনগরে ইন্টারনেট প্যাকেজ কিনতে গিয়ে অনেক গ্রাহককের টাকা কেটে নিয়েছে গ্রামীণফোন। যদিও ওই টাকা ফেরত দেয়া হচ্ছে বলে জানিয়েছে গ্রামীণফোন কর্তৃপক্ষ। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো গ্রাহক টাকা ফেরত পাননি বলে জানিয়েছেন। এ নিয়ে এলাকাকাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
 
জানা গেছে, গত বুধবার ওসমানীনগর এলাকার জন্য গ্রামীণফোন ইন্টারনেটের বিশেষ অফার দেয়। গ্রামীণফোনের বন্ধ সিম চালু করলে ভ্যাট ছাড়া ৯ টাকায় (ভ্যাটসহ ১১টাকা) এক জিডি ইন্টারনেট পাওয়া যাবে। কিন্তু এলাকার সাধারণ মানুষ সবাই এই প্যাকেজ নেয়ার জন্য এসএমএস পাঠান। এতে সবার মোবাইল থেকেই ১১টাকা করে কাটা যায়। অথচ যাদের সিম আগে থেকেই চালু ছিল তারা কেউ এই প্যাকেজ পাননি। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা বলেন, প্যাকেজের জন্য আমরা বৈধ না হলে টাকা কেন কাটা যাবে?
 

গ্রামীণফোনের বর্হিযোগাযোগ বিভাগের প্রধান সৈয়দ তালাত কামাল ইত্তেফাককে বলেন, সিলেটের ওসমানীনগর এলাকায় গ্রামীণফোনে বন্ধ সংযোগ চালু করলে ৯ টাকায় (ভ্যাট ছাড়া) এক জিবি ইন্টারনেট দেয়ার অফার ছিল। কিন্তু ওই এলাকায় অনেক গ্রাহক এই প্যাকেজের মধ্যে না পড়লেও তারা ইন্টারনেট নিতে চেয়েছিলেন। ফলে তাদের এই টাকা কাটা গেলেও ইন্টারনেট পাননি। যারা এই প্যাকেজের মধ্যে পড়েননি তাদের কাটা যাওয়া টাকা ফেরত দেয়া হচ্ছে। শিগগিরই তারা টাকা ফেরত পাবেন। আর যারা প্যাকেজে পড়েছেন তারা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। এর বাইরে অন্য কোনো টাকা কাটা যাওয়ার কোনো সুযোগ নেই।