দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে জেলার গাংনী উপজেলার পীরতলা পুলিশ ক্যাম্পের কনস্টেবল আলাউদ্দীন (৩২) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে আটটার দিকে বামন্দি-কাজিপুর সড়কে মাইক্রোবাস তল্লাশিকালে হামলার শিকার হন তিনি। আলাউদ্দীনকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ সহকারী উপ পরিদর্শক (এএসআই) সুবির বিশ্বাসের নেৃতত্বে কয়েকজন কনস্টেবল সাহেবনগর তালতলা নামক স্থানে টহলে ছিলেন। এ সময় কাজিপুরের দিক থেকে একটি মাইক্রোবাস টহল এলাকা অতিক্রম করার পুলিশ সদস্যরা এটিকে থামার সঙ্কেত দেয়। মাইক্রোবাসের ভিতরে ঢুকে কনস্টেবল আলা উদ্দীন তল্লাশি করছিলেন। এ সময় মাইক্রোবাসের ভেতরে থাকা যাত্রীবেশী কয়েকজন দুর্বৃত্ত আলাউদ্দীনকে উপর্যুপরি কুপিয়ে পার্শ্ববর্তী হাড়াভাঙ্গা মাদরাসার কাছে ফেলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কুষ্টিয়ায় রওনা করা হয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, ঘটনাস্থল এলাকা সীমান্তবর্তী। ধারণা করা হচ্ছে চোরাচালানীরা সীমান্ত থেকে কোন অবৈধ মালামাল নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। তাই পুলিশের হাতে ধরা পড়ার আশঙ্কায় এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এখনো ওই মাইক্রোবাসের সন্ধান কিংবা দৃর্বৃত্তদের আটক করা যায়নি।
