প্রথমবার পঞ্চম দিনে

আপডেট : ২৪ জুলাই ২০১৫, ২২:৪০
 
বৃষ্টির কারণে ভেস্তে গেছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা। তবে যথারীতি আগামীকাল অনুষ্ঠিত হবে পঞ্চম দিনের খেলা। এই প্রথমবারের মতো বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা কোন টেস্ট ম্যাচ পঞ্চম দিনে গড়াচ্ছে।
 
এর আগে টেস্ট ফরম্যাটে আটবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে ছয়টি টেস্ট শেষ হয়েছে ৪ দিনে। আর বাকী দু’টি টেস্টের ইতি ঘটেছে ৩ দিনে। 
 
এদিকে খেলা পরিত্যক্ত হওয়ায় দু দলের খেলোয়াড়রাই হোটেল থেকে আর মাঠে আসেননি। দুপুর ১টার আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্রিকেটার উপস্থিত হন। পরে স্টেডিয়াম সংলগ্ন মসজিদে জুমার নামাজ আদায় করেন বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তারা।
 
দিনটি শুক্রবার হওয়ায় স্টেডিয়াম সংলগ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত বিবি আয়েশা (রা:) জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন টাইগাররা।
 
খেলোয়াড়দের মধ্যে ছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, জুবায়ের, মো. শহীদ ও তাইজুল ইসলাম। এছাড়া টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও জুমার নামাজ আদায় করেন।
 
অন্য দিকে দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন বৃষ্টির মধ্যেই বাইরে নেমে একটু ফুটবল খেলেছেন বলে জানা গেলো।