সিরাজগঞ্জের এনায়েতপুরের খামারগ্রামে অপহৃত ৭ম শ্রেণির এক ছাত্রকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণকারী তাঁত শ্রমিক আব্দুল আওয়াল, স্ত্রী উজালা খাতুন এবং শ্বশুর গোপাল মন্ডলকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া স্থানীয় কিন্ডার গার্টেন স্কুলের ছাত্র ইসমাইল (১২) ধনাঢ্য তাঁত ব্যবসায়ী হাজী সায়েফ উদ্দিনের ছেলে। এদিকে অপহরণকারী বাড়ির তাঁত শ্রমিক আব্দুল আওয়ালকে প্রথমে এলাকাবাসী আটক করার পর শনিবার সকালে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
অপহৃত, এলাকাবাসী এবং পুলিশ জানায়, শুক্রবার বেলা ৩ টার দিকে এনায়েতপুর সিনিয়র মাদ্রাসা এলাকা থেকে ইসমাইলকে বেড়ানোর কথা বলে পরিকল্পিত ভাবে কৌশলে অপহরণ করে রংপুরের পীরগঞ্জে নিয়ে যায়। এর পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। পরে থানা পুলিশের কাছে অভিযোগ করা হলে ওইদিন রাত ১১টার দিকে খুকনীর শ্বশুরবাড়ি থেকে শ্বশুর গোপাল মন্ডল এবং স্ত্রী উজালা খাতুনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অপহৃতকে রাতেই এলাকায় এনে ছেড়ে দেয়। তখন ছেলেটি বাড়িতে ফিরে এলে শনিবার ভোরে গোপালপুর এলাকা থেকে অপহরণকারী আওয়ালকে জনতা আটক করে কারখানায় আটকে রাখে। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
তবে এ ঘটনায় এলাকাবাসী চড়ম ক্ষোভ প্রকাশ করে জানান, টাকার লোভে এমন কাজ কেউ মেনে নিতে পারেনা। আমরা আমাদের সন্তান নিয়েও চিন্তিত। তাই এ ঘটনার সাথে জড়িত শক্তিশালী চক্রকেউ আইনের আওতায় আনতে হবে। তাদের আটক করে দিতে হবে কঠোর শাস্তি।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এনায়েতপুর থানার এসআই আমবার হোসেন জানান, আমরা চেষ্টা করে যাচ্ছি মূল ঘটনা উদঘাটনের জন্য। সে লক্ষেই কাজ করা হচ্ছে।
