সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় থান কাপড় ও থ্রি-পিসসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। এগুলোর আনুমানিক মূল্য ২৭ লক্ষ ৬৯ হাজার দুই শ টাকা।
শনিবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লোহাকুড়া পাকা সড়ক ও বালিয়াডাঙ্গা বাজার এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। তবে, এসব অভিযানে কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি।
দুপুর আড়াইটার দিকে বিজিবির সাতক্ষীরা-৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের লোহাকুড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১৭৯৮ মিটার থান কাপড় ও ৩৩০টি থ্রি-পিস জব্দ করে বিজিবি। এছাড়াও সীমান্তের বালিয়াডাঙ্গা বাজার এলাকা থেকে ভারতীয় শাড়ি, গুড়া দুধ, পলিথিন ও মোটরপার্টস জব্দ করেছে বিজিবি সদস্যরা।
